পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আব্দুল মাবুদ (৩৮) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (৯ আগস্ট) ভোররাতে হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় আলামিন ওরফে মুন্না (৩৩) নামের তার এক সহযোগী কৌশলে পালিয়ে যান।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১টার দিকে ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের একটি দল কাশিপুর গ্রামে মাবুদের বাড়িতে অভিযান পরিচালনা করে। শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ মাদক বিক্রিতে ব্যবহৃত একটি বাটন ফোন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, এ বিষয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিএনসি রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বলেন, "চক্রটিকে আমরা দীর্ঘদিন পর্যবেক্ষণ করছিলাম। মাদকের অবৈধ আয়ের উৎস অনুসন্ধানেও কাজ চলছে। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"