আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:০০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:০০:১৮ অপরাহ্ন

সেই কলাহাটে ফের দূর্ঘটনা দুজন নিহত, বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল ঘাতক ট্রাক


রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার সেই 'মৃত্যুকূপ' খ্যাত কলাহাটে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ৫ বছর বয়সী এক শিশু ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
 
​বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর কলাহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. কাউছার (৩৫) এবং তার ৫ বছর বয়সী ভাতিজা রেজোয়ান।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাউছার তার ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বানেশ্বর কলাহাট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ড্যাম ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাচা ও ভাতিজা প্রাণ হারান।
 
​দুর্ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বারবার একই স্থানে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
 
 
উল্লেখ্য, এই একই স্থানে গত ১ জানুয়ারি একটি চলন্ত ট্রাক ঢুকে পড়ে ৪ জন নিহত হয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, বানেশ্বর কলাহাট সংলগ্ন এই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708