আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০২:৫১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৩:২৪:৫৫ অপরাহ্ন

ভুল প্রশ্নপত্র বিতরণকে কেন্দ্র করে পুঠিয়ার বীরালদহ কলেজ এইচএসসি কেন্দ্রে উত্তেজনা


 
 
রাজশাহীর পুঠিয়া উপজেলার বীরালদহ কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভুলক্রমে ২০২৫ সালের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
 
বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
 
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর পর প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত তারা ২০২৫ সালের প্রশ্নপত্রে উত্তর লিখতে থাকেন। পরে বিষয়টি ধরা পড়লে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। তাদের দাবি, ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট সময় নষ্ট হলেও সে অনুযায়ী অতিরিক্ত সময় দেওয়া হয়নি। ফলে অনেক পরীক্ষার্থী ১৫ থেকে ২৫ নম্বরের উত্তর অসম্পূর্ণ রেখে খাতা জমা দিতে বাধ্য হন।
 
পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদের মুখে কেন্দ্রে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত করতে পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের দাবি, ওই সময়ের একটি অংশ খাতা শনাক্ত করতেই চলে যাওয়ায় তারা পূর্ণাঙ্গভাবে উত্তর শেষ করতে পারেননি। তাদের অভিযোগ, এ ঘটনায় প্রায় ৯০ জন পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
 
তবে বীরালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, "কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ভুলক্রমে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং পরীক্ষার্থীদের অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়।"
 
এদিকে, কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার সময় সংশ্লিষ্ট হলরুমে রসায়নের শিক্ষক রুস্তম আলী ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক মানুন আল রাকিব দায়িত্ব পালন করছিলেন।
 
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ন্যায্য মূল্যায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

ঘটনার বিষয়ে জানতে কল দেয়া হলে পুঠিয়া উপজেলা  নির্বাহী অফিসারের বক্তব্য পাওয়া যায়নি৷ 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708