আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:২৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:২৬:০৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত


​​​​​
 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (টিমন) (৩৫) নামে এক পাওয়ার টিলারচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ (টিমন) উপজেলার বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ একটি পাওয়ার টিলার-ট্রলিতে একটি ছাগল নিয়ে দেওপাড়া এলাকা থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেনটি তার যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
 
খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
 
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরও ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708