লালপুর (নাটোর):
বছরের প্রথম দিনেই নাটোরের লালপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণ আর ঝকঝকে পাতা দেখে উচ্ছ্বাসে মেতেছে কোমলমতি শিক্ষার্থীরা।
উৎসবহীন কিন্তু আনন্দমুখর দিন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় তিন দিনের শোক চলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়নি। তবে উৎসবের আনুষ্ঠানিকতা না থাকলেও বছরের প্রথম দিনে বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হয়নি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লালপুরের কলসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। তারা জানায়, বছরের শুরুতেই বই পাওয়া তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সঠিক সময়ে সন্তানদের হাতে বই তুলে দিতে পারায় অভিভাবকরাও বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
রাষ্ট্রীয় শোকের কারণে বড় কোনো অনুষ্ঠান না হলেও লালপুরের প্রতিটি স্কুলেই সুশৃঙ্খলভাবে বই বিতরণ করা হয়েছে।
দৈনিক সোনালী রাজশাহী / আলী আহসান মুজাহিদ