1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারা থানার তদন্ত কর্মকর্তার অর্থ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৯:০১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৯:০৪:৫৭ অপরাহ্ন
বাগমারা থানার তদন্ত কর্মকর্তার অর্থ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে সংযুক্ত ভিডিও থেকে নেয়া
রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের একটি অর্থ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে এক ব্যক্তির কাছ থেকে খাম গ্রহণ করে তার ভেতরের টাকা গণনা করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে আজ সোমবার (৮ জুন) তাঁকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে কমলেশ দাস একজন ব্যক্তির কাছ থেকে একটি খাম নেন। পরে খামের ভেতর থাকা নোটগুলো বের করে দ্রুত গুনে নিজের মানিব্যাগে রাখেন। পুরো ঘটনার সময় অর্থ প্রদানকারী ব্যক্তির সঙ্গে তাঁকে স্বাভাবিক ও হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা যায়।
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, ‘কাজিম বাবু’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
 
​তবে ভিডিওতে অর্থ প্রদানকারী ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এছাড়া ভিডিওটির অডিও বন্ধ থাকায় সেখানে কী ধরনের কথোপকথন হয়েছে বা ঠিক কী কারণে এই অর্থ লেনদেন হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
 
​অভিযোগ প্রসঙ্গে পরিদর্শক কমলেশ দাস বলেন, ভিডিওটি কীভাবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। তিনি দাবি করেন, অনেক ক্ষেত্রে ভাতা কিংবা রেশন-সংক্রান্ত অর্থও এভাবে অফিসিয়াল প্রক্রিয়ায় গ্রহণ করা হয়ে থাকে।
 
​এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
​এদিকে ভিডিওটি প্রকাশের পর বাগমারা থানা এলাকা ও স্থানীয় সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ