1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষে রাজশাহীর ৪০ সাংবাদিক পেলেন পিআইবির সনদ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৮:৪১:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৮:৪১:১৭ অপরাহ্ন
এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষে রাজশাহীর ৪০ সাংবাদিক পেলেন পিআইবির সনদ

গুজবের যুগে সঠিক ও দ্রুত সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এখন সাংবাদিকদের প্রধান হাতিয়ার। এই বাস্তবতা মাথায় রেখেই রাজশাহীর ৪০ জন সাংবাদিককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দিয়ে সনদ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ- পিআইবি।
 
শুক্রবার ১৭ জুলাই রাজশাহী নগরীর শালবাগানস্থ সমাজসেবা অফিস মিলনায়তনে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন- আরইউজে'র তত্ত্বাবধানে ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
"প্রযুক্তির সঙ্গে তাল মেলাতেই হবে"
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, "সাংবাদিকদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ফ্যাক্ট চেকিং বর্তমান সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। ভালো মানের সাংবাদিক হতে হলে এসব নতুন প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথভাবে যাচাই করা অপরিহার্য।"
 
তিনি আরও বলেন, "ভুয়া তথ্য ও গুজব এখন সমাজের বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদেরই এগুলো মোকাবিলা করে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই।"
 
এআই সহযোগী, বিকল্প নয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল। তিনি বলেন, "এআই সাংবাদিকের বিকল্প নয়, সহযোগী। তবে এআই থেকে পাওয়া প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করেই প্রকাশ করতে হবে। বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের পুঁজি।"
 
বিশেষ অতিথি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী বলেন, "দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ফ্যাক্ট চেকিং এখন সময়ের অপরিহার্য দক্ষতা।"
 
হাতে-কলমে যা শেখানো হলো
তিন দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তথ্য বিশ্লেষণ, সংবাদ লেখা, অনুবাদ ও সারসংক্ষেপ তৈরির পাশাপাশি ছবি-ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, জিওলোকেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য শনাক্তকরণের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরইউজে সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্ত। আরও বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদের প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ ও বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
 
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী ৪০ জন সাংবাদিকের হাতে পিআইবির মহাপরিচালক স্বাক্ষরিত সনদপত্র তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ