রাজশাহীর কাটাখালী থানার চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো: বাবুল সরকার (৪৫)-কে ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুর ১২:০০ টায় যশোর জেলার রাজারহাট এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো: বাবুল সরকার (৪৫) কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মো: আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে।
র্যাব জানায়, বাদী ও বিবাদী প্রতিবেশী ও পূর্ব পরিচিত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে গত ২৪ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৪৫ ঘটিকায় কাটাখালী থানাধীন হরিয়ান পূর্বপাড়া গ্রামে বাদীর বসতবাড়িতে বিবাদীরা মারামারি শুরু করে। একপর্যায়ে আসামিরা ভিকটিম ফরিদাকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে।
এ ঘটনায় নিহত ফরিদার পরিবার কাটাখালী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করে। ঘটনার পর থেকেই প্রধান আসামি পলাতক ছিল।
তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৫ (সিপিএসসি) এবং র্যাব-৬ (সিপিএসসি-০৩, যশোর) এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।