1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজের আবাসিক শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৯:২৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৯:২৩:২৬ অপরাহ্ন
রাজশাহী কলেজের আবাসিক শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি ছবি: সংগৃহীত
 
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের এক আবাসিক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে তাকে হোস্টেলের কক্ষে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. খলিলুদ্দিন। তিনি রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবনের (জি ব্লক) ৩০২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে জিডি করার জন্য আবেদন করেন।
জিডির তথ্যমতে, খলিলুদ্দিনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভুসনা গ্রামে। তার বাবার নাম মো. বজলুর রহমান।
কলেজ কর্তৃপক্ষের আবেদনে বলা হয়, ২৬ আগস্ট সকাল থেকে খলিলুদ্দিনকে তার হোস্টেল কক্ষে দেখা যায়নি। পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও উভয় নম্বরই বন্ধ পাওয়া যায়।
বিষয়টি জানাজানি হলে তার সহপাঠী ও হোস্টেলের অন্যান্য আবাসিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। জিডির আবেদনে খলিলুদ্দিনকে খুঁজে বের করতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জিডিতে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের জি ব্লকের ৩০১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান হোসাইন, ১০৫ নম্বর কক্ষের মো. সুলাইমান হক রুপক এবং ৩০৩ নম্বর কক্ষের মো. আব্দুল্লাহ আল রাফীর প্রতিস্বাক্ষর রয়েছে।
 
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর সুনির্দিষ্ট কোনো হদিস পাওয়া যায়নি।

দৈনিক সোনালী রাজশাহী / আব্দুল আলিম / ক্যাম্পাস 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ