চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাভে ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত হানিফ ওই এলাকার মো. রুহুলের ছেলে।
এসআরবি-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি সদর দপ্তর গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান চালায়। এ সময় আসামির বসতবাড়ির একতলা ভবনের নির্মাণাধীন বাথরুমের ভেতর প্লাস্টিকের ক্যারেটে বিশেষ কৌশলে রাখা ১.৮২৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।