রাজশাহীতে নারীর গোসলের ভিডিও ধারণের অপরাধে দেওয়ান আরিফুর রহমান আরিফ নামে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
আসামি দেওয়ান আরিফুর রহমান আরিফ গাইবান্ধা জেলার দেওয়ান আক্তার হোসেনের ছেলে।
সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইসমত আরা জানান, বগুড়ার এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে আসামি দেওয়ান আরিফুর রহমান আরিফ। পরে সেই ভিডিও গৃহবধূ ও তার স্বামীর ফেসবুক আইডিতে দিয়ে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে ২০২১ সালে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি রাজশাহীর ট্রাইব্যুনালে স্থানান্তর হওয়ার পরে বৃহস্পতিবার বিচার প্রক্রিয়া শেষ হয়। রায়ে আসামিকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

Reporter Name 











