ঝিনাইদহের শৈলকুপায় ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খড়বাড়িয়া মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত তিনজন আহত হয়েছেন।নিহতরা হলেন- উপজেলার খড়বাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) এবং একই গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খড়বাড়িয়া মাঠে একদল কৃষক পেঁয়াজ তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে পাঁচজন কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু ও সমীরকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।