আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:৩৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:৩৬:৪৩ অপরাহ্ন

পুঠিয়ায় ৪২ লাখ টাকার ইউনিব্লক সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এলাকাবাসীর বাধায় বন্ধ নির্মাণ


রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৪২ লাখ টাকার ইউনিব্লক সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
​​​​​স্থানীয়দের প্রতিবাদের মুখে ৫০০ মিটার সড়কের নির্মাণকাজ গত ১৫ দিন ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
উপজেলার বেলপুকুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় ২০২৪-২৫ অর্থবছরে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ ৪১ হাজার ৪৮১ টাকা। কাজটি বাস্তবায়ন করছে এম.কে ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
 
স্থানীয় বাসিন্দা নুর আলী অভিযোগ করে বলেন, শুরু থেকেই নিম্নমানের ইউনিব্লক ও ইট ব্যবহার করা হচ্ছে। রাস্তার পাশে ব্যবহৃত ইট সামান্য উঁচু থেকে ফেললেই ভেঙে যাচ্ছে। এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রকৌশলীকে অভিযোগ জানানো হয়েছে। পরে প্রকৌশলী সরেজমিনে এসে কাজের নিম্নমান দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং রাস্তা থেকে ব্যবহৃত ব্লক সরিয়ে নিতে বলেন।
 
আরেক বাসিন্দা মহাতাব আলী বলেন, প্রকৌশলীর নির্দেশে কিছু ব্লক সরানো হলেও পুরো কাজ এখনো অপসারণ করা হয়নি। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নিম্নমানের ব্লক অপসারণ না করলে কয়েক মাসের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করেন তিনি।
 
স্থানীয় আব্দুল কুদ্দুস রানা অভিযোগ করে বলেন, “প্রকৌশল অফিসের কিছু কর্মকর্তা ঠিকাদারদের কাছ থেকে সুবিধা নেওয়ায় কাজের মান নিশ্চিত করা হয় না।”
তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. শামীম হোসেন বলেন, “দুই গাড়ি ব্লক কিছুটা খারাপ ছিল। তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ঈদের পর আবার কাজ শুরু করা হবে।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্বপ্রাপ্ত) মুসলেহা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708