আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১২:০৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১২:০৮:৩৭ অপরাহ্ন

পুঠিয়ায় ছুটির দিনে বৃষ্টির মধ্যে রাস্তার কাজ: এলজিইডি কর্মকর্তার অনুপস্থিতিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ




রাজশাহীর পুঠিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়ক পুনঃসংস্কার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। ছুটির দিনে সংশ্লিষ্ট প্রকৌশলীর অনুপস্থিতিতে, বৃষ্টির মধ্যেই অতি নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করার চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে স্থানীয় ক্ষুব্ধ জনতা প্রতিবাদ করলেও তা তোয়াক্কা করেনি ঠিকাদারের লোকজন।
 
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ভালুকগাছি ইউনিয়নের চকদমাদি হতে চকপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার (১.৭ মিটার) সড়ক পুনঃসংস্কারের জন্য ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়। ৯২ লাখ ৯১ হাজার ৯৭৯ টাকা ব্যয়ের এই কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মাবিয়া ট্রেডার্স’। ইতোমধ্যে কাজটির নির্ধারিত মেয়াদও শেষ হয়ে গেছে।
 
​শুক্রবার (১৭ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ছুটির দিনে বৃষ্টির মাঝেই অতি নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চালানো হচ্ছে। স্পটে এলজিইডির কোনো কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি দেখা যায়নি। স্থানীয় গ্রামবাসী এই অনিয়মের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকদের সঙ্গে তর্কবিতর্ক তৈরি হয়, তবুও নিম্নমানের সামগ্রীর ব্যবহার বন্ধ করা যায়নি। এছাড়া সড়কের সুরক্ষায় দুপাশে যে প্রটেকশন ওয়াল নির্মাণ করা হয়েছে, সেখানেও অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দুই মাস পার না হতেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
 
​রাস্তার পাশে একটি ভবনে কর্মরত রাজমিস্ত্রি জুয়েল রানা বলেন, "আমরা ভবনের কাজে যে ইট ব্যবহার করছি, তার চেয়েও অনেক বেশি নিম্নমানের ও বাজে ইট এই রাস্তায় ব্যবহার করা হচ্ছে।"
​স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন ও আফান ক্ষোভ প্রকাশ করে বলেন, "শুরু থেকেই এই রাস্তায় নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। ঠিকাদারের লোকদের বারবার বলা সত্ত্বেও তারা আমাদের কথা শুনছে না। একের পর এক ট্রাক্টর দিয়ে তিন নম্বর ইটের খোয়া এনে বিছানো হচ্ছে। প্রটেকশন ওয়াল এক মাসেই ভেঙে যাচ্ছে। সরকারি কোনো লোক না থাকায় দেখার কেউ নেই। এই রাস্তা কিছুদিন পর আবার ভেঙে যাবে এবং আমাদের দুর্ভোগ পোহাতে হবে।"
 
​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক নেতা জানান, ঠিকাদারদের আচরণ এমন পর্যায়ে গেছে যে, কাজের মান নিয়ে সাধারণ মানুষ বা রাজনৈতিক কর্মীরা প্রতিবাদ করতে গেলে উল্টো চাঁদাবাজির মামলার ভয় দেখানো হচ্ছে। কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
 
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মোস্তাফিজুর রহমান বলেন, "বর্তমান বাজারে সব সামগ্রীর দাম দ্বিগুণ। এই কাজ করতে গিয়ে আমাদের অনেক লোকসান হচ্ছে। বর্ষার সময় হওয়ায় কিছু খোয়া হয়তো খারাপ যেতে পারে, এটা অস্বীকার করার কিছু নেই। তবে প্রটেকশন ওয়াল যেখানে ফেটে গেছে, আমরা তা মেরামত (রিপেয়ারিং) করে দেব।"
 
​এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুঠিয়া উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোসাঃ মুসলেহা ইসলাম বলেন, "আমি দ্রুত লোক পাঠিয়ে বিষয়টি দেখছি। যদি তদন্তে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তবে অবশ্যই তা রাস্তা থেকে তুলে ফেলার ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 
​বিষয়টি জানতে পেরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি জানান, "রাস্তার কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। বিষয়টি জানার পরপরই আমি প্রকৌশলীকে ফোন করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।"
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708