আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৩:২৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৩:২৭:৪২ অপরাহ্ন

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় সুষ্ঠু বিচার ও ৭ জনের মুক্তির দাবিতে মানববন্ধন


 
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় দায়ের করা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার এবং গ্রেপ্তার ৭ জনের মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
 
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 
কর্মসূচিতে বক্তব্য দেন শরিফুল মণ্ডল, সামসুজ্জহা মুকুল, তারিকুল আলম, প্রভাষক হুমায়ুন কবির, শিক্ষক মনিরুল ইসলাম ও ইসমাতুন নেছা।
 
বক্তারা বলেন, গত ১৭ মে জেলা আইনজীবী সমিতি ভবনে একটি সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক স্কুলছাত্রসহ কয়েকজন আহত হন। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে।
 
তারা অভিযোগ করেন, গ্রেপ্তারের পর স্থানীয় আইনজীবীরা অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়ায় আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। এতে বিচারিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে দাবি করে বক্তারা অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহার, আটক ব্যক্তিদের ন্যায্য আইনি সহায়তা নিশ্চিত এবং মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
 
মানববন্ধন শেষে জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ এবং পুলিশ সুপারের (এসপি) কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708