ঢাকায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে নার্স নিয়োগে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজশাহীর ইসলামী ব্যাংক নার্সিং কলেজের শিক্ষার্থীরা এমন অভিযোগে মানববন্ধন করেছেন। এছাড়া স্মারকলিপি দিয়ে অবৈধভাবে দেওয়া নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, ইসলামী ব্যাংক নার্সিং কলেজ থেকে পড়ালেখা শেষ করে ইসলামী ব্যাংক হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে এসব নিয়োগ দেওয়া হয়। কিন্তু সম্প্রতি ঢাকার কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা কেউই ইসলামী ব্যাংক নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন না। অথচ এ কলেজ থেকে পাশ করে বেকার বসে রয়েছেন অনেকে। এছাড়া নিয়োগে উত্তরবঙ্গের একজনকেও নেওয়া হয়নি। যা স্পষ্টত অনিয়ম ও বৈষম্য। এ নিয়োগ বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বুঝতে পারছেন না বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।